কাভার্ডভ্যান আত্মসাতের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

একটি গাড়ি উদ্ধার, বাকি পাঁচটি উদ্ধারে অভিযান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:১৪ পূর্বাহ্ণ

ফ্যাক্ট লজিস্টিকস নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান ভাড়া নেওয়ার পর আত্মসাতের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর লালখান বাজার এলাকা থেকে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

জানা গেছে, জামাল উদ্দিন আহমেদ চৌধুরী চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নিষিদ্ধ যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত ১২ মে মামলা হয়। মামলার তদন্তে জামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মসাৎ হওয়া ছয়টি কাভার্ডভ্যানের মূল্য প্রায় দুই কোটি টাকা। ব্যবসায়ী সাইফুল ইসলাম নিটল মোটরস থেকে কিস্তিতে গাড়িগুলো কিনেছিলেন। গতকাল সকালে অভিযান চালিয়ে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। বাকি পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষকের পর এবার গ্রেপ্তার এক ছাত্র
পরবর্তী নিবন্ধসুফি-সাধক ও ওলি-আউলিয়াদের মাধ্যমেই এদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল