নানা আয়োজনে ক্রাইস্ট চার্চের শততম জয়ন্তী উৎসব

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য নানা আয়োজনে চট্টগ্রাম জুবলী রোডস্থ কাঠের ছাদের নান্দনিক ভবন ক্রাইস্ট চার্চের শততম জয়ন্তী উদযাপন করা হলো। জুবলী রোড়ের ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে দেশি–বিদেশি অংশগ্রহণকারীদের নিয়ে শোভাযাত্রা, আলোচান সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ২ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার সকালে শোভাযাত্রা, আলোচনা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর আগে বৃহস্পতিবার আলোচনা প্রার্থনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও বিদেশি অতিথিরা অংশ নেন।

চার্চ সূত্র জানায়, এই চার্চের মূল ভিত্তি স্থাপিত হয়েছিল ১৮৩৯ সালে লালদীঘির পাড়ে। পরবর্তীতে লালদীঘি এলাকাটি জনাকীর্ণ ও কোলাহলপূর্ণ হয়ে ওঠায় ১৯২৫ সালে পুরনো চার্চটি ভেঙে নতুন চার্চ তৈরির সিদ্ধান্ত হয়। পরে পুরনো চার্চের চমৎকার সব রঙিন কাচের জানালা, মার্বেল পাথরের মেঝে, বসার বেঞ্চ এবং বেদি অক্ষত অবস্থায় স্থানান্তর করা হয়। ১৯২৬ সালে জুবলী রোডের পাহাড়ের চূড়ায় মনোরম পরিবেশে বর্তমান চার্চ ভবনটির নির্মাণ করা হয়। ওই বছরের ১০ই এপ্রিল ‘পাম সানডে’–তে এর অভিষেক অনুষ্ঠিত হয়।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অতিথি ছিলেন মডারেটর ও চার্চ অব বাংলাদেশ ঢাকার বিশপ স্যামুয়েল সুনীল মানখিন, ইউএসপিজি যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী নাদিয়া আনাবেল সানচেজ জারামিলো, মডারেটর ও ঢাকার বিশপ চার্চ অব বাংলাদেশ লরেন্স সুব্রত হাওলাদার, চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিস সৌরভ ফলিয়া, ড. জন প্রভুদান হীরা, মনিতা মানখিনসহ দেশি বিদেশি অনেক অতিথি।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশি খ্রিস্টান সম্প্রদায় ১৫০০ অধিক স্কুল পরিচালনার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের মালিকানাধীন সম্পত্তি বিভিন্নভাবে বেহাত করার অপচেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আমরা বর্তমান সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

প্রসঙ্গত, খ্রিস্টান মিশনারী বাংলাদেশে নটরডেম কলেজ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে সেন্ট প্লাসিডস, সেন্ট স্কলাস্টিকা, ঢাকায় হলিক্রসসহ সারাদেশে দেড় হাজারের বেশি স্কুল কলেজ পরিচালনা করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধউন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বয়স ও পেশার মানুষের শিক্ষার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা