কাপ্তাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা উপজেলা সভাকক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে এবং কমেপ্রহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব। সভাপতিত্ব করেন হিল ফ্লাওয়ারের প্রকল্প ফোকাল পার্সন জেনিফার অজন্তা তনচংগ্যা। হিল ফ্লাওয়ারের কর্মকর্তা মিলন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, ভাজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাজী মোশাররফ হোসেন এবং পপি তনচংগ্যা। শুরুতে প্রজেক্টরের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার একটি আলোকচিত্র তুলে ধরেন হিল ফ্লাওয়ারের প্রতিনিধি সঞ্জিত তনচংগ্যা। প্রধান অতিথি বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতা আশঙ্কা জনকহারে বেড়ে গেছে। যদিও সরকার এই সহিংসতা প্রতিরোধে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তবে অনেক সময় পরিবারের পক্ষ থেকেও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি এরকম সচেতনতামূলক সভা ভবিষ্যতেও আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।












