জীবিকার তাগিদে ভবনের ছাদে পানির ট্যাংক বসাতে উঠেছিলেন ৫৮ বছর বয়সী ইলেকট্রিশিয়ান সৈয়দ নুরুল বশর বাহাদুর। কিন্তু অসাবধানতাবশত একটি মুহূর্তেই ওলটপালট হয়ে গেল সবকিছু। ছাদ থেকে নিচে পড়ে গিয়ে কাজের জায়গাতেই চিরতরে থেমে গেল তার জীবনের স্পন্দন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দিঘীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল বশর ওই এলাকার সৈয়দ বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দিঘীর পাড়া এলাকার বাসিন্দা আবদুলের একতলা ভবনের ছাদে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন নুরুল বশর। কাজ করার একপর্যায়ে হঠাৎ পা পিছলে তিনি ছাদ থেকে নিচে শক্ত মাটিতে পড়ে যান। প্রচণ্ড আঘাতে তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।












