কাপ্তাই রাস্তার মাথায় তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা

কাঁচা মাছ-মাংসের ফ্রিজে রান্না করা খাবার, সাথে নানা অনিয়ম

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ এবং কাঁচা মাছমাংসের সঙ্গে রান্না করা খাবার রাখাসহ নানা অনিয়মের দায়ে তিনটি রেস্টুরেন্টকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল দুপুরে চলা এ অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না, প্রস্তুত ও সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ দই, বাসি গ্রিল সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে রান্না করা মাংস ফ্রিজে রাখার দায়ে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা করা হয়েছে। এছাড়া ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণের পাশাপাশি বাসি তরকারি পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা মাছমাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করতে দেখা যায়। অন্যদিকে হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে অপরিচ্ছন্নতা এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করার কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিনির্ভর ব্যবসার সুযোগ দেওয়া হবে না : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধচোরাই রাবার নিয়ে বিলে উল্টে গেল ট্রাক