কলকাতায় বাড়ির সামনে ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার কালীঘাট এলাকায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর ছুরি হামলা চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেই তার উপরে হামলার চেষ্টা হয়েছে। তৃণমূলের মমতাপন্থি সাংসদ দোলা সেনের অভিযোগ, ছুরি হাতে মমতাকে আঘাতের চেষ্টা করেন ওই নারী। তিনি নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেন। খবর বিডিনিউজের।

দোলার দাবি, ওই নারী মাদকাসক্ত। হামলা চেষ্টার সময় তিনি নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন। বাড়ির দরজায় দাঁড়িয়ে মমতাকে গালাগালও করেন। এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়েন ওই নারী। ঘটনার কথা ই–মেইলে কালীঘাট থানার ওসিকে জানিয়েছেন দোলা। পাশাপাশি সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বিজেপি সরকারকে নিশানাও করেছেন তিনি।

কালীঘাট থানার ওসিকে পাঠানো দোলার ই–মেইলের বরাতে খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কালীঘাটের বাড়ির সামনে মমতার উপরে হামলার চেষ্টা হয়। এ সময় মমতা, তার দলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং দোলা কালীঘাট মিলন সঙ্ঘের পূজা উদ্বোধন শেষে ফিরছিলেন। সে সময় ওই নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন। দোলার দাবি, ওই মহিলা মাদকাসক্ত ছিলেন। তিনি মমতার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তার পরে রাস্তায় শুয়ে গালাগাল করতে থাকেন। ঘটনার সময় ওই মহিলার হাতে ছুরি ছিল।

ঘটনার পরে সেখানে দাঁড়িয়ে থাকা দুজন পুলিশকর্মীর কাছে বিষয়টি জানান দোলা। কিন্তু তারা দোলাকে বলেন, আমরা রাজ্য পুলিশের কর্মী। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না। দোলা বলছেন, অভিযুক্ত নারীকে আটকের বদলে ওই পুলিশ সদস্যরা তাকে দূরে নিয়ে চা খাওয়াচ্ছিল। তিনি সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন!

এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, আটক মহিলার নাম অনুসূয়া সাহা। তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে : সালাহউদ্দিন