কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি এসএম ছালেহকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার বিকেলে নগরীর দিদার মার্কেট এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কর্ণফুলী থানার ওসি শাহিনূর আলম ও সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার এসএম ছালেহ কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। ২০২২ সালের ১০ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়। কর্ণফুলী থানার ওসি শাহিনূর আলম বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। তারা কী মামলায় গ্রেপ্তার করেছে আমাদের কাছে হস্তান্তর করলে জানতে পারব।













