খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে বিনামূল্যে গত ২১ এপ্রিল চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। দীঘিনালা মডেল বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালিত কার্যক্রমে সহযোগিতা করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন।
রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব চিটাগং খুলশী সেন্ট্রাল, বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক, দীঘিনালা জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী ক্যাম্পে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। সেবা গ্রহণের মধ্যে ছিল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় চোখের ওষুধপত্র, ১৮০ জনকে চশমা বিতরণ। চক্ষু ক্যাম্প থেকে দুই শতাধিক ছানি রোগী বাছাই করে লায়ন্স চক্ষু হাসপাতালে দীঘিনালা জোনের সহযোগিতায় আগামী ১৬ মে লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রোগেসিভ সাউথ ও লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে ছানি অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল–আমিন। উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য রোটারিয়ান কুমার সুইচিং প্রুসাইন, রোটারি ক্লাব চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পাস্ট পিপি মুহাম্মদ সাজেদুল হক, লায়ন ক্লাব অব চিটাগং প্রেসিডেন্ট সাউথের প্রেসিডেন্ট মোহাম্মদ আকতার হোসেন ও ট্রেজারার মোহাম্মদ আলী, ক্যাম্প কর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন, ১ নং মেরুং ইউপি চেয়ারম্যান মিনা চাকমা, ২ নং বোয়ালখালী ইউলি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













