কর্ণফুলীতে ১০ মণ জাটকাসহ গ্রেপ্তার ৫

কার্গোবোট ও কারেন্ট জাল জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ইলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় একটি কার্গোবোট ও ৬ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে সদরঘাট নৌ থানার আওতাধীন আরতঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন সুধীর দাশ (৫৫), টিটু দাশ (৩০), টুবেল দাশ (৫৫), টিটু জলদাশ (৩৫) ও রবীন্দ্র দাশ (৬০)

নৌপুলিশ জানায়, কর্ণফুলী নদীতে অবৈধভাবে জাটকা ইলিশ ধরার গোপন তথ্যের ভিত্তিতে আরতঘাট এলাকায় একটি কার্গোবোটে অভিযান চালানো হয়। এ সময় কার্গোবোট থেকে প্রায় ১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া জাটকা ধরার কাজে ব্যবহৃত একটি কার্গোবোট ও ৬ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা ধরার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা জাটকা ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মারধরে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএক সপ্তাহের মধ্যে আবারও ডুবল ঝুলন্ত সেতু