কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

| শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশের পথচলা থামল সেমি–ফাইনালে। ভারতের আহমেদাবাদে গতকাল শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৫৬–২৭ পয়েন্টে হারে বাংলাদেশ। প্রথমার্ধে তারা পিছিয়ে ছিল ২৮–৮ পয়েন্টে। ছয় ম্যাচে চার জয় ও দুই হার দিয়ে আসর শেষ করল বাংলাদেশ। সবশেষ আইচি–নাগোয়া এশিয়ান গেমসেও দেখা হয়েছিল দুই দলের। সোনা জয়ের পথে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ২৩ পয়েন্টে (৪৮–২৫) হারিয়েছিল তারা। এবারের ব্যবধান বাড়ল আরও, ২৯ পয়েন্ট। কানাডাকে ৬৭–২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর কেনিয়ার বিপক্ষে ৩২–৩১ পয়েন্টে হেরে যায়।

তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০–২৮ পয়েন্টে হারানোর পর, অস্ট্রেলিয়াকে ৬৯–৩১ ব্যবধানে গুঁড়িয়ে সেমি–ফাইনালে খেলার সম্ভাবনা জোরাল করে বাংলাদেশ। তা পূর্ণতা পায় স্কটল্যান্ডের বিপক্ষে ৭০–২০ পয়েন্টের জয়ে। ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি–ফাইনালে ওঠে দল।

গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতে সেমি–ফাইনালে ওঠে আসে ভারত। বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠল তারা।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বরুমচড়া আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগের ফাইনাল আজ