কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটসাল ফেস্টিভ্যালের ট্রফি উন্মোচন

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীর ঐতিহ্যবাহী কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘কেজিএইচএস ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-৩’ এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, শিক্ষক নুরুল আক্তার, প্রভাকর চক্রবর্তী, আব্দুস সোবহান ও আবু তাহের মো. ফারুকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়। ১৯৯৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। তাদের এ ধরনের উদ্যোগ শুধু ক্রীড়া আয়োজনেই যেন সীমাবদ্ধ নয়, এটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও এমন ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাণ। এই ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক মিলনমেলা ঘটে। প্রাক্তন শিক্ষার্থীদের যেকোনো আয়োজনে বিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

আয়োজকরা জানান, আগামী ২৯, ৩০ ও ৩১ মে উপজেলার একটি টার্ফে তিনদিনব্যাপী এ ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে মোট ২৩টি দল অংশ নেবে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে টুর্নামেন্টকে ঘিরে চলছে প্রচারণা ও প্রস্তুতি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের জন্য জেসিআই চট্টগ্রামের স্কুল
পরবর্তী নিবন্ধসাগরে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জেলে উদ্ধার