আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। অন্যদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরীকে।
গতকাল বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সিরাজুল মোস্তফার বাড়ি মহেশখালীতে এবং ফরিদুল ইসলাম চৌধুরীর বাড়ি কুতুবদিয়ায়। মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালে সিরাজুল মোস্তফা এবং ২০০১ সালে ফরিদুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিগত ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে অ্যাভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৩ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেই কমিটিতে ফরিদুল ইসলাম চৌধুরীকে সহ-সভাপতি করা হয়।











