কক্সবাজারে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত রোববার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, মহেশখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের বড় বাজার পৌরসভা মার্কেট সংলগ্ন এলাকায় ৩টি গুদাম ঘরে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত।
কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত ৮টায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।












