কক্সবাজারে গেল চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল

জাতীয় মহিলা ক্রিকেট লিগ

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়েজিত ১৫ তম জাতীয় মহিলা ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে আজ ২৮ অক্টোবর বুধবার সকালে কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দল। আগামী ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি ১৫ তম জাতীয় মহিলা ক্রিকেট লিগ ২০২৬–২৭। লিগে দেশের ৮টি বিভাগীয় মহিলা দল (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও রংপুর) অংশগ্রহণ করছে। গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে নগরীর সাগরিকাস্থ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম অনুশীলন মাঠে দলের আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন খেলোয়াড়দের ভাল খেলা উপহার দেওয়ার আহবান জানান এবং লিগে দলের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহামেদ হাসনাত, জাতীয় ক্রীড়া পরিষদের উপ–পরিচালক শিহাব উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজার দিদারুল আলম চৌধুরী ও কোচ মোহাম্মদ ইসমাইল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়েজিত ১৫ তম জাতীয় মহিলা ক্রিকেট লিগকে সামনে রেখে এরিমধ্যে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের অফিসিয়াল ম্যানেজার, কোচ ও সহকারী কোচ মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। এতে ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক দিদারুল আলম চৌধুরীকে ম্যানেজার, মোহাম্মদ ইসমাইলকে কোচ ও পারমিতা দত্তকে সহকারী কোচ মনোনীত করা হয়েছে। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় মহিলা দল সকাল ৯টায় ময়মনসিংহ বিভাগীয় মহিলা দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে। লিগে অংশগ্রহণকারী ৮ টি বিভাগীয় মহিলা দল আগামী ২৮ অক্টোবর কক্সবাজার পৌঁছাবার কথা রয়েছে। উদ্বোধনী দিনে ৩১ অক্টোবর সকাল ৯ টায় বরিশাল বনাম রাজশাহী ও দুপুর ২টায় খুলনা বনাম ঢাকা এবং ১ নভেম্বর সকাল ৯ টায় চট্টগ্রাম বনাম ময়মনসিংহ ও দুপুর ২টায় রংপুর বনাম সিলেট বিভাগীয় মহিলা ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের শাহ পরানের সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন