কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্ট সংলগ্ন বালিয়াড়ি এলাকায় ১৮ বছরের এই যুবকের মরদেহ ভেসে আসে বলে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন সৈকতের বালিয়াড়িতে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সি–সেইফ লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।’ খবর বিডিনিউজের।
উদ্ধার হওয়া মরদেহটি রোববার নিখোঁজ হওয়া পর্যটক মো. আবিরের বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। সুরতহাল শেষে মরদেহটি কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবির পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে। তিনি বন্ধুদের সঙ্গে কঙবাজারে বেড়াতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি–সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান বলেন, ‘রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আবিরসহ দশ বন্ধু সুগন্ধা পয়েন্টে টিউব নিয়ে গোসল করতে নামেন। একপর্যায়ে উত্তাল সাগরের ঢেউ ও স্রোতের কারণে দুজন টিউব থেকে ছিটকে পড়েন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আবির স্রোতের টানে ভেসে যান।’ এরপর লাইফগার্ড কর্মীরা উদ্ধার অভিযান চালালেও আবিরকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্ট এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।












