নগরীর ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৮৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ (সাজা) দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। আটকাদেশপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ দায়িক হলেন– মোহাম্মদ সাইফুল আলম, তার ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, শহিদুল আলম, ওসমান গণি, মো. রাশেদুল আলম, আব্দুস সামাদ, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ছেলে ও ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম এবং প্রতিষ্ঠানটির এমডি হাকিম আলী।
আদালত সূত্র জানায়, গত বছর তথা ২০২৫ সালের ২৬ আগস্ট ওজি ট্রাভেলস লিমিটেড, এস আলমের কণর্ধার মোহাম্মদ সাইফুল আলমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকার খেলাপি ঋণ আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার পক্ষ থেকে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় একই বছরের ৯ সেপ্টেম্বর দায়িকদের বিরুদ্ধে ডিক্রি জারি করে ৬০ দিনের মধ্যে খেলাপি হওয়া টাকা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু উক্ত নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে দায়িকদের বিরুদ্ধে সুদসহ ৮৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৯৭ টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষে চলতি বছরের ২০ জানুয়ারি অর্থজারি মামলা করা হয়। আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দিন পারভেজ দৈনিক আজাদীকে বলেন, মামলা দায়েরের পর থেকে অদ্যাবধি পর্যন্ত দায়িকরা ডিক্রিকৃত টাকা পরিশোধে এগিয়ে আসেননি। এমন পরিস্থিতিতে ডিক্রিদার ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ৩৪ ধারা অনুযায়ী ২ থেকে ১২ নং দায়িকদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আবেদন করলে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।












