এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখার দাবি

বাকবিশিস’র বিবৃতি

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ’র চলমান প্রক্রিয়ার পরিবর্তে কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজবিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। বাকবিশিস কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত গতকাল মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সমপ্রতি বিভিন্ন গণমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া এনটিআরসিএ বাতিল করে পুনরায় গভর্নিং বডি / ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। আমরা মনে করি এই সংবাদ শিক্ষাব্যবস্থার জন্য গভীর উদ্বেগজনক। তাঁরা উল্লেখ করেন, ২০১৫ সালের আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগ গভর্নিং বডি / ম্যানেজিং কমিটির হাতে ছিল। সেই পদ্ধতিতে বেশির ভাগ ক্ষেত্রে যোগ্য শিক্ষক নিয়োগ পাওয়ার পরিবর্তে ব্যাপক দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য চলত। এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় বাকবিশিসসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবির প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এই অবস্থা থেকে উত্তরণের জন্য এনটিআরসিএএর যাত্রা শুরু করেন। এনটিআরসিএ গঠনের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের আদলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয়। এই স্বচ্ছ প্রক্রিয়া আজ পর্যন্ত কার্যকর রয়েছে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্তর্বর্তী সরকারের সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়েও এই প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সে অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ও নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। অথচ বর্তমান শিক্ষামন্ত্রী এই স্বচ্ছ প্রক্রিয়া বন্ধ করে পুনরায় গভর্নিং বডি / ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে সর্বনাশা সিদ্ধান্ত নিতে চাইছেন, তা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও দলীয়করণের পুনরাবৃত্তি ঘটাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণে ব্যবহৃত জ্ঞানও উত্তম ইবাদত
পরবর্তী নিবন্ধওরা নিজেদের উন্নয়ন করেছে, আর আমরা জনগণের উন্নয়ন করছি