চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর বড়পাড়া এলাকায় চট্টগ্রামমুখী দুটি লবণ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে বড়পাড়া জামে মসজিদের দক্ষিণ পাশে একশ ফুটের ব্যবধানে ট্রাক দুটি উল্টে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
স্থানীয়ভাবে জানা যায়, কক্সবাজার জেলা থেকে লবণ বোঝাই ট্রাক দুটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ঘটনারদিন গত বুধবার গভীর রাত আনুমানিক ৩টার সময় ট্রাক দুটি হাশিমপুর বড়পাড়া এলাকায় পৌঁছালে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় ট্রাক দুটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির মধ্যে বৃহস্পতিবার বিকেলে একটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকি ট্রাকটিও উদ্ধারের প্রক্রিয়া চলছে। মূলত মূল সড়ক থেকে ফুটপাত অনেক নিচু হওয়ায় প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটছে।
দোহাজারী পৌর সদর এলাকার মো. আকবর জানান, চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের চন্দনাইশের বিজিসি ট্রাস্ট এলাকা থেকে দোহাজারী পর্যন্ত মূল সড়ক থেকে ফুটপাত অনেকটা নিচু। এতে বিপরীত দিক থেকে আসা অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে একটু এদিক–সেদিক হলেই গাড়ির চাকা ফুটপাতে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, প্রায় সময় দেখা যায় সড়কের উন্নয়ন হচ্ছে।
পুরাতন সড়কে ওভারলে করা হচ্ছে। কিন্তু সে হিসেবে ফুটপাত উচু করা হচ্ছে না। অনেক স্থানে ফুটপাত এক থেকে দেড় ফুট পর্যন্ত নিচু হয়ে পড়েছে। অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে চাকা মূল সড়ক থেকে ফুটপাতে পড়লেই গাড়ি উল্টে যাচ্ছে। বিশেষ করে মালবাহী ভারী ট্রাকগুলো বেশি উল্টে যায়। আবার প্রতিদিন খোলা ট্রাকে করে লবণ পরিবহনের সময় লবণ পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে।
এতে গাড়ির চাকা পিছলে মূল সড়ক থেকে ফুটপাতে পড়ে যাওয়াতেও ঘটছে দুর্ঘটনা। মূল সড়কে উন্নয়ন কাজের পাশাপাশি ফুটপাত উচু করা হলে মহাসড়কে দুর্ঘটনা অনেক কমবে বলেও জানান তিনি।














