রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুধপুকুরিয়া ও শুরুঢাবা পাহাড় এলাকায় যাতায়াতের জন্য একটি স্থায়ী ব্রিজের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। জনদুর্ভোগের এই চিত্র তুলে ধরে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর হস্তক্ষেপ কামনা করে সমপ্রতি খোলা চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির।
সেখানে তিনি উল্লেখ করেন, দুধপুকুরিয়া ও শুরুঢাবা এলাকায় প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। বর্তমানে রাবার ড্যামের কারণে নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীকে একটি নড়বড়ে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিশুদের স্কুল ও মাদ্রাসায় যাতায়াত এবং অসুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকায় এই অঞ্চলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত নির্বাচনের সময় সংসদ সদস্য এলাকাটি পরিদর্শনে গেলে বাসিন্দারা একটি স্থায়ী ব্রিজের জোর দাবি জানিয়েছিলেন। সেই সময় তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় বাসিন্দারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। উক্ত খোলা চিঠির নিচে কমেন্ট বক্সে স্থানীয় বাসিন্দারা এমপি হুমাম কাদের চৌধুরীর কাছে তাদের প্রাণের দাবি জানান। মো. আরফাত চৌধুরী নামে একজন বলেন, প্রিয় নেতা, আপনি আমাদের আশার বাতিঘর। আপনার একটি উদ্যোগই পারে এই এলাকার শিশুদের স্কুলযাত্রাকে নিরাপদ করতে। মোহাম্মদ সাইফুদ্দিন নামে একজন বলেন, দুধপুকুরিয়াবাসীর এই দীর্ঘদিনের আশা কি আমাদের এমপি মহোদয় পূরণ করতে পারবেন? আমাদের বিশ্বাস, তিনি আমাদের নিরাশ করবেন না। মো. জালাল উদ্দিন নামে একজন বলেন, আমাদের আর কোনো চাওয়া নেই, শুধু এই ব্রিজটার বাস্তবায়ন চাই। জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের আর কতদিন স্কুলে পাঠাব? আশাকরি এবার আমাদের দাবী বাস্তবায়ন হবে।













