নগরীর রৌফাবাদ এলাকায় ফোন করে ডেকে নিয়ে এক ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশের মোমিনবাগ ৪ নং রোডের একটি ভবনের নিচতলা থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের নন্দীপুর এলাকার বাসিন্দা রবিউল হাসান ভুঁইয়া (২৫) ও রাউজান উপজেলার সুলতানপুর মাঝিরঘাট এলাকার বাসিন্দা আদনান উদ্দীন (২৮)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন জানান, ১৮ অক্টোবর রাত ৯টায় জামাল উদ্দীন জিকু নামে এক যুবক গাজী সারোয়ার শ্রাবণ নামে আরেক যুবককে ফোন করে রৌফাবাদ এলাকায় ডেকে নেয়। গাজী সারোয়ার শ্রাবণ মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে কিছু লোক প্রাইভেটকার নিয়ে এসে তার মোটরসাইকেলটি নিয়ে যায়। পাশাপাশি তাকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম অভিযোগ দায়ের করলে আমাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।












