ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সদস্যদের জামায়াতে ইসলামীতে বরণ করে নেয়া হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয় বিআইএ কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার পর কর্মসংস্থান, পরিবার গঠন ও ভবিষ্যৎ জীবন নিয়ে স্বাভাবিকভাবেই নানা দুশ্চিন্তা তৈরি হয়। একজন ইসলামী আন্দোলনের কর্মীকে এসব বাস্তবতাকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে হবে। রাষ্ট্র ও সমাজের কল্যাণে অবদান রাখার নিয়তে বৈধ ও সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করার চেষ্টা করতে হবে। ছোট বা বড়, কোনো কাজই অবহেলার নয়। বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগে টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের বিকল্প নেই। ইসলামী আদর্শ ধারণ করে যুগোপযোগী দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রেস বিজ্ঞপ্তি।











