উদীয়মান একাডেমি ও চট্টগ্রাম রেলওয়ের জয়

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেটে গতকাল মঙ্গলবার উদীয়মান ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। শহীদ শাহজাহান মাঠে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে উদীয়মান ক্রিকেট একাডেমি ১৪০ রানে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে এবং বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট দল ৬ উইকেটে ওসিএস ফিউচার স্পোর্টস ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথম ম্যাচে টসে জিতে উদীয়মান ক্রিকেট একাডেমি জসিম উদ্দিনের ৫৯ বলে সর্বোচ্চ ১২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৬৩ রান সংগ্রহ করে। তাছাড়া দলের পক্ষে আবদুল্লাহ রোকন ৪৬ ও শহিদুল ইসলাম ৪৪ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১৬.১ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায়। কোয়ালিটির পক্ষে আবদুল মোবিন ২৮ এবং আশরাফ নাহিদ ২৪ রান করেন। বল হাতে বিজয়ী দলের মিজানুর রহমান ৩০ রানে ৪টি, তানজিদ ২টি এবং বিজিত দলের এরশাদ হোসাইন ২টি উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ উদীয়মান ক্রিকেট একাডেমির জসিম উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী–২ জীষান দত্ত। দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে ওসিএস ফিউচার স্পোর্টস ক্রিকেট টসে জিতে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৮০ রানে অলআউট হয়ে যায়।

দলের পক্ষে রাব্বি সর্বোচ্চ ১৫ ও রাজিন ও মহিউদ্দিন ১৪ রান করে সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ রেলওয়ে ক্রিকেট দল ৬.২ বলে ৪ উইকেটে ৮৩ রান করে ৬ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে আদিল চৌধুরী অপরাজিত সর্বোচ্চ ২৯ ও ফাহিম মুনতাসির ২৩ রান করেন। বল হাতে বিজয়ী দলের ফাহিম মুনতাসির ও শেখ রিয়াল ৩টি করে, আবিদ চৌধুরী ২টি এবং বিজিত দলের রাব্বি ২টি উইকেট লাভ করেন। দ্বিতীয় খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ের ফাহিম মুনতাসিরের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তরুণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধইস্পাহানি ও সানরাইজ একাডেমির শুভ সূচনা