উজবেকিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

নাটকীয় জয়ে অনূর্ধ্ব–১৭ নারী এশিয়ান কাপের মূল পর্ব খেলার স্বপ্ন উজ্জ্বল করল বাংলাদেশ। তাসখন্দে স্বাগতিক উজবেকিস্তানকে ২–১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে লাল–সবুজের প্রতিনিধিরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে রুনা আক্তারের দুর্দান্ত এক গোলে ঐতিহাসিক এই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। দোস্তলিক স্টেডিয়াম অনুশীলন মাঠে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে সাইফুল বারী টিটুর শিষ্যরা। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় দল। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নেন ডান প্রান্তে থাকা পূর্ণিমা মারমা। উজবেক গোলরক্ষক মারিয়া খালকুলোভাকে পোস্ট ছেড়ে এগিয়ে আসতে দেখে বুদ্ধিদীপ্ত চিপ শটে বল জালে জড়ান তিনি (১–০)। তবে লিড ধরে রাখার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ১৭ মিনিটে নিজেদের বক্সের কাছে আইরিন খাতুনের ভুল পাসের সুযোগ নেন উজবেকিস্তানের লারাঙ্গিজ লাকায়েভা। বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানি রায়কে পরাস্ত করে স্বাগতিকদের সমতায় ফেরান এই ফরোয়ার্ড। বিরতির পর আক্রমণ–প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। ডান দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে আলপি আক্তার গোলের ভালো সুযোগ তৈরি করলেও তা রুখে দেন উজবেক গোলরক্ষক। শেষ দিকে স্বাগতিকরা বাংলাদেশের ওপর চাপ বাড়ালেও রক্ষণে শক্ত প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা। নির্ধারিত সময় শেষে ম্যাচ যখন সমতার দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে জয়সূচক সেই মুহূর্ত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩ মিনিট) সুরভী রানির চমৎকার থ্রু পাস ধরে উজবেক বক্সে ঢুকে পড়েন রুনা আক্তার। সামনে কেবল প্রতিপক্ষ গোলরক্ষক; ঠাণ্ডা মাথার নিখুঁত শটে বল জালে পাঠিয়ে পুরো দলকে জয়ের আনন্দে ভাসান রুনা। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে উজবেকিস্তান। প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪–০ গোলে হেরেছিল তারা। আগামী বছর চীনে অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বে খেলতে বাছাইপর্বের ৮টি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নির্বাচন করা হবে। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ এখন মুখোমুখি হবে ফিলিপাইনের। আগামী রোববারের সেই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে মূল পর্বের টিকিট। আট গ্রুপের চ্যাম্পিয়ন পাবে আগামী বছর চীনে অনুষ্ঠেয় অনূর্ধ্ব–১৭ উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট। গত আসরের সেরা চারে থাকা উত্তর কোরিয়া, জাপান, চীন ও অস্ট্রেলিয়া সরাসরি খেলবে মূল পর্বে।

পূর্ববর্তী নিবন্ধআমার এখনও অনেক কিছু বলার আছে : মেসি
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপের রবিন লিগে জয় পেল ডায়নামিক ও রামপুর