উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা

সাতকানিয়া সরকারি কলেজে গণিত বিভাগে সেমিনার

| বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন ও পরিকল্পিত করে গড়ে তোলার লক্ষ্যে সাতকানিয়া সরকারি কলেজে গণিত বিভাগের উদ্যোগে সেমিনার গত ৯ আগস্ট অনুষ্ঠিত হয়। সেমিনারে উচ্চশিক্ষা, বিশেষ করে পিএইচডি ডিগ্রি অর্জনের গুরুত্ব, উচ্চশিক্ষায় যাওয়ার প্রক্রিয়া এবং শিক্ষাজীবনের শুরু থেকে ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের সহযোগী অধ্যাপক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. সৌমেন বড়ুয়া। প্রবন্ধে তিনি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রয়োজনীয়তা, এর সুযোগসম্ভাবনা এবং একজন শিক্ষার্থী কীভাবে স্নাতক পর্যায় থেকে নিজেকে প্রস্তুত করে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারে, সেই বিষয়ে আলোচনা করেন।

দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আনোয়ার মালিক মজুমদার। একজন শিক্ষার্থী কীভাবে অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ধাপে ধাপে নিজের ক্যারিয়ার পরিকল্পনা করবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। তিনি বলেন, ক্যারিয়ার পরিকল্পনা কেবল চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের সামগ্রিক লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য অর্জনে ধারাবাহিক প্রস্তুতি গ্রহণের মধ্যে সফল ক্যারিয়ারের ভিত্তি নিহিত। শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা, একাডেমিক দক্ষতা অর্জন, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ পেশা নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো.আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক তৌহিদুল আলম রায়হান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল কাসেম ফাউন্ডেশনের গৃহনির্মাণ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধদেশের জ্বালানি খাতের শূন্যতা মেধাবী শিক্ষার্থীরা পূরণ করতে পারে : চুয়েট ভিসি