ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১২

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৃহস্পতিবার লেবাননজুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বাসসের।

এই ঘটনার একদিন আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরাইল। যুদ্ধবিরতির পর রাজধানীর ওই এলাকায় এটিই ছিল প্রথম হামলা। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ জেলার তিনটি গ্রামে হামলায় মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে।

অন্যদিকে মারাজায়ুন জেলায় পৃথক হামলায় হিজবুল্লাহসংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির একজন প্যারামেডিক নিহত হন। আহত হয়েছেন আরও একজন। এটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়। একই দিনে নাবাতিয়েহ জেলায় আরেকটি হামলায় একই সংগঠনের দুই প্যারামেডিক আহত হয়েছেন বলে এক মুখপাত্র জানান। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরাইল হামলা চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো ‘এটা আমাদেরই গল্প’
পরবর্তী নিবন্ধহান্টাভাইরাসে মৃত্যু ৩, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা