ইরানি হামলায় তেল আবিবের হাজারের বেশি বাড়ি বসবাসের অযোগ্য

| সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী ও প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবের এক হাজারেরও বেশি বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, জানিয়েছেন শহরটির মেয়র। খবর বিডিনিউজের।

মেয়র রন হুলদাই শনিবার ইসরায়েলি চ্যানেল টুয়েলভকে জানান, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এসব বাড়ি ও অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আর বাসযোগ্য নেই। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। তারপর থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে ধ্বংসের চেষ্টা করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে তেল আবিব, রামাত গান ও বনেই ব্রাক এলাকার ভবনগুলোতে আঘাত হানে। এতে বহু মানুষ হতাহত হয়, ঘরবাড়ি, যানবাহন ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

চলতি সপ্তাহের প্রথমদিকে চ্যানলে টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী ইরান ও লেবাননের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের প্রায় এক হাজার ৭৫০ কোটি ডলার ব্যয় হয়েছে। তবে এই হিসাবে পুনর্নির্‌মাণ খরচ বা যুদ্ধ চলাকালে ইসরায়েলি অর্থনীতির আংশিক বন্ধ হয়ে থাকার ক্ষতি ধরা হয়নি। চ্যানলটি জানিয়েছে, ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ২৬ জন নিহত ও আরও ২৬০০ জনেরও বেশি আহত হয়েছে। অপরদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত তিন হাজার ৪৬৮ জন নিহত হয়েছে বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি কর কর্তৃপক্ষের ক্ষতিপূরণ তহবিলে সরাসরি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছে প্রায় ৩০ হাজার ইসরায়েলি। এগুলোর মধ্যে ১৮৪০৮টি অভিযোগ ভবন ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কিত, ২৫৯৪টি অন্যান্য উপকরণ ও ৬৬১৭টি গাড়ি সম্পর্কিত। ইসরায়েলের অর্থনীতি বিষয়ক ওয়েবসাইট ক্যালকালিস্ট গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছে, জুনে ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের পর ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দিতে ১০০ কোটি ডলার ব্যয় হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন
পরবর্তী নিবন্ধপটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু