ইনজুরি নিয়েই দ্য হান্ড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়োছেন মোস্তাফিজুর রহমান। চার সপ্তাহের চোটে ছিটকে যাওয়ায় দ্য হান্ড্রেডের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি। তবুও পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন কাটার মাস্টার। মূলত মোস্তাফিজের চোটের অবস্থা পরখ করে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন বাঁহাতি এই পেসার। বার্মিংহামের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নেমে মোস্তাফিজুর রহমান চোট পেলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে যোগ দেবেন।’ ডান হাঁটুতে হ্যামস্ট্রিং টিয়ার এবং মেনিস্কাল ডিজেনারেশনের শিকার হয়েছেন মোস্তাফিজ। ফলে জিম্বাবুয়ে সফরের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। তবে ফিনিক্সের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য আগামী সপ্তাহে বার্মিংহামে যাবেন এই বাঁহাতি পেসার। এদিকে বার্মিংহামের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস বলেন, ‘মোস্তাফিজ এবং বিসিবির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে আমাদের মেডিকেল বিভাগের মূল্যায়নের জন্য তিনি বার্মিংহামে আসবেন। এরপর আমরা নির্ধারণ করতে পারব, মোস্তাফিজ এ বছর “দ্য হান্ড্রেড”এ অংশ নিতে পারবেন কি না।’ তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, মোস্তাফিজ এ বছর বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে খেলে যাওয়া দক্ষিণ আফ্রিকান ফুটবলারের মৃত্যু
পরবর্তী নিবন্ধসমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস