আশা জাগিয়ে চীনের বিপক্ষে হারল বাংলাদেশ

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

মাঝমাঠ থেকে উড়ে আসা বল দেখেও সার্কেলের ভেতরে বাংলাদেশের সবাই যেন নিস্ক্রিয় থাকলেন! নিখুঁত ফ্লিকে সুযোগ কাজে লাগালেন সুন জিনগ্রান। চীনের বিপক্ষে হার দিয়ে জুনিয়র মেন’স হকি এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। তিনজিয়ানে গতকাল শুক্রবার পুল ‘বি’ এর ম্যাচে ৩২ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে জালের দেখা পেয়েছেন মোহাম্মদ ইসলাম ও মাহাদী হাসান। খবর বিডিনিউজের।

প্রথম কোয়ার্টারে লড়াই হয় জমজমাট। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে পিছিয়ে পড়ার পরই ইসলামের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের নিখুঁত পাস সার্কেলের ভেতরে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নেন মাহাদী।

এরপর ঠাণ্ডা মাথায় রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন তিনি। ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় বাংলাদেশ। গোল শোধে মরিয়া চীন তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরায়। ৪৪তম মিনিটে কুই ওয়েনজুয়ান পেনাল্টি কর্নার থেকে জাল খুঁজে পান।

চতুর্থ কোয়ার্টারে অভাবনীয় ভুলে গোল হজম করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বলে পোস্টের কাছ থেকে ফ্লিকে জালে জড়িয়ে দেন জিনগ্রান। এ সময় বক্সে গোলকিপার থেকে শুরু করে বাংলাদেশের বাকিরা নিস্ক্রিয় ছিলেন একেবারেই! পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামতে পারেন মেসি