আরো চার শিশুর মৃত্যু

হামের উপসর্গ

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরো ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৬৭০ শিশু মারা গেছে বলে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছে। খবর বিডিনিউজের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরো ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৪১ জন মারা গেছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ রাজশাহী বিভাগে ৮৭, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৪৯, বরিশালে ৩৮, ময়মনসিংহে ৫৩, খুলনায় ২৭ এবং রংপুরে আটজন মারা গেছে। এছাড়া নিশ্চিত হামে ঢাকা বিভাগেই মারা গেছে ৫৭ জন। এরপর সবচেয়ে বেশি মারা গেছে বরিশালে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন, রাজশাহী ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭৮ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। এর মধ্যে ৯৭২ জন রোগী ভর্তি হয়েছে। ঢাকা বিভাগে ৪৬০ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬১ জন। আর রাজশাহীতে ৬৩ জনের মধ্যে ৫৯ জন, সিলেটে ৭২ জনের মধ্যে ৬৯ জন, বরিশালে ১৩২ জনের মধ্যে ১৩২ জন, চট্টগ্রামে ২১৬ জনের মধ্যে ২১৬ জন, ময়মনসিংহে ৪৯ জনের মধ্যে ৪৯ জন, খুলনায় ৭২ জনের মধ্যে সবাই এবং রংপুরে ১৪ জনের মধ্যে সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২। আর হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৮৬৯। দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তির সংখ্যা ৭৫ হাজার ১৫৬। তাদের মধ্যে ৭১ হাজার ৩৯৬ জন ছাড়া পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল
পরবর্তী নিবন্ধএমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার মন্তব্য ঘিরে চাঞ্চল্য