আরাভ খানের অস্ত্র মামলার রায় কাল

| সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের অস্ত্র মামলার রায়ের জন্য আগামীকাল ৯ মে দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

গতকাল রোববার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এদিন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন না করায় আদালত রায়ের এ দিন ধার্য করেন। খবর বাংলানিউজের। গত ২৮ মার্চ এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন সর্বশেষ সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ–পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত হলে আরাভ খানের সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড হবে।

জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে মগবাজারের বাসায় যান। একটি গুলি ভর্তি রিভলবারসহ শ্বশুরের বাসার সামনে থেকে তিনি গ্রেপ্তার হন। এ ঘটনায় ওই দিনই আরাভের নামে রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন গোয়েন্দা পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের তৎকালীন উপ–পরিদর্শক সুজন কুমার কুণ্ডু। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ১ মার্চ আরাভ খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ–পরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার। একই বছরের ১০ মে আরাভের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ জামিন পান তিনি। এরপর জামিনে গিয়ে পলাতক থাকায় ২০১৮ সালের ২৪ অক্টোবর আরাভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধকৃষি জমির মাটি কেটে মুরগির ফার্ম, জরিমানা
পরবর্তী নিবন্ধদেশে ৭০ হাজারের বেশি শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত