আমি ফুল হতে চেয়েছিলাম

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

আমি আমার যাবতীয় জীবনে শুধু তোমাকে চেয়েছি বলে

কী নির্মমভাবে আমাকে কাঙাল করে রেখেছো,

পরগাছার মতো তোমার বাকলের মুখোশে।

জীবনের প্রতিটি পর্বের পর পর্বে কয়লার ইঞ্জিনের মতো

ভূগর্ভস্থ আগুনের লেলিহান কড়াইতে

ছুঁড়ে দিয়েছ বাঁকা ঠোঁটের বাঁকা হাসিতে।

আমি ফুল হতে চেয়েছিলাম, পাখি হতে চেয়েছিলাম,

আমি বৃক্ষ হতে চেয়েছিলাম, সাদা সাদা মেঘের

উপর মেঘমালা হয়ে দিগন্তের বলি রেখায়

রংধনুর জীবন্ত কিংবদন্তী হতে চেয়েছিলাম।

এখন আমি মৃত, শুধু দাফন হয়নি আজও।

তোমার আঙুলের রাক্ষুসী নখের কালো

নেলপালিশের ভেতর লেপ্টে আছে জীবন।

এক জীবনে একবার জন্ম নিয়ে নিজেকে

আর বাঁচাতে পারলাম না। দণ্ডিত হলাম–

শুধু তোমাকে চাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য,

তোমার বুকের ভেতর মিশে থাকার জন্য।

আহা, এভাবেই নষ্ট হলো এক জীবনের সকল ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধফেরারী
পরবর্তী নিবন্ধকাব্যিক প্রেম