আমরা ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি!

শরণংকর বড়ুয়া | মঙ্গলবার , ১৬ জুন, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সুজলা সুফলা সোনার বাংলা আমাদের বাংলাদেশ। যাকে নিয়ে গর্ব করি শত বছর ধরে। বাংলাদেশ সেই তখন থেকে একই জায়গায় ঐতিহ্য নিয়ে বিশ্বে গৌরবের সাথে মাথা উচু করে দাঁড়িয়ে আছে অহংকারের সাথে। কিন্তু আমরা মানুষগুলো কালের বিবর্তনের সাথে সাথে কেমন জানি পরিবর্তন হয়ে গেছি। শিক্ষাধিক্ষায় উচ্চ বিলাসিতা ও লোভ লালসার দাপটে মনুষ্যত্ববোধ আন্তরিকতা সহমর্মিতা সবই যেন হারিয়ে ফেলেছি। অতিচেনা মানুষগুলো ক্রমশ অচেনা হয়ে যাচ্ছে। বতর্মানে সব কিছু ছাড়িয়ে আমাদের এত অগ্রগতি বার বার ধাক্কা খাচ্ছে। এর কারণে আছে সুশিক্ষার অভাব, দেশ প্রেমের অভাব, সহনশীলতার অভাব, প্রজ্ঞার অভাব এবং মানসিকতার অভাব। আমরা উচ্চস্তর থেকে নিম্নস্তর সবাই যেন প্রতিযোগিতায় নেমে পড়েছি। অন্যকে ঠকিয়ে সহজে উপরে উঠার দৌড়ে আছি। সস্তা বুদ্ধিতে ধর্মকে ব্যবহার করে, এতে কিছু জনগোষ্ঠী না বুঝে ধর্মের দোহাইকে বিশ্বাস করে ভুল পথে ধাবিত হচ্ছে। এটা অত্যন্ত আত্মঘাতি ও দুঃখজনক সিদ্ধান্ত। মোট কথা কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কেউ কাউকে বিশ্বাস করতেও পারছে না। আমরা ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আমাদের এই ছোট্ট দেশে বিশাল জনগোষ্ঠী। তাই আমাদের দৃষ্টি ভঙ্গিকে সুন্দর এবং প্রসারিত করতে হবে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান আদর্শকে কাজে লাগাতে হবে। সামাজিক অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক এবং নৈতিক জীবনে দক্ষতার সাথে এগিয়ে যেতে হবে যাতে করে আগামী প্রজন্ম সঠিক পথ খোঁজে পায়। বতর্মান সমাজে যেভাবে অন্যায় অত্যাচার হানাহানি এবং অপকর্ম বেড়ে চলেছে তাতে দেশের অগ্রগতি বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এই সবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের সমগ্র অস্তিত্ব ও অনুভবের সাথে মিশে আছে নতুন নতুন স্বপ্ন, উদ্যম আর প্রত্যাশার আবির। আকাশে ঘন কালো মেঘ কেটে আলোকচ্ছটায় নতুন সকাল ফিরে আসুক মৈত্রী মুদিতা উপেক্ষা শান্তি সৌহার্দ ও সমপ্রীতির মেল বন্ধন। সুন্দর মন নিয়ে সকলে জেগে উঠুক প্রাণের উচ্ছ্বাসে দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষার খাতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হোক
পরবর্তী নিবন্ধমাদক প্রতিরোধে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন