আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎ, গ্রেপ্তার ২

চার কার্টন ক্রোকারিজ উদ্ধার, বাইক জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় আত্মসাৎকৃত চার কার্টন ক্রোকারিজ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ধৃতরা হচ্ছেন মো. আশিক রায়হান (৩৮) ও মাঈন উদ্দিন (২৯)। গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আশিককে সাতকানিয়া পৌরসভা ছমদরপাড়া ও মাঈনকে পটিয়া থানার পূর্ব বাক্কাইন নোয়ামিয়া সওদাগরের বাড়ির বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স সিয়াম ট্রেডার্স চায়না থেকে ৫ মে ১২শ কার্টুন ক্রোকারিজ পণ্য আমদানি করে। আমদানিকৃত ক্রোকারিজ পণ্যসমূহ চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার জন্য এসএইচ এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি দুটি কাভার্ড ভ্যানে করে সিয়াম ট্রেডার্সের ফ্যাক্টরিতে পণ্যগুলো পাঠায়। এর মধ্যে একটি কাভার্ড ভ্যানে ছিল ৩৭০ কার্টুন ক্রোকারিজ। কিন্তু বুঝে নেওয়ার সময় পাওয়া গেছে ২৭৬ কার্টুন। অর্থাৎ ৯৪ কার্টুন ক্রোকারিজ পণ্য ছিল না, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ ঘটনায় মেসার্স সিয়াম ট্রেডার্সের প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেন বাদী হয়ে ১১ মে বন্দর থানায় মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, কাভার্ড ভ্যানের ড্রাইভার নীরব চৌধুরী সাকিব (৩৬) কাভার্ড ভ্যানের ক্রোকারিজ পণ্য ফ্যাক্টরিতে না দিয়ে তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন আসামিসহ পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাৎ করেছেন।

এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তদন্তে পাওয়া আসামি আশিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার বদরপতি রোডের সুমন বিল্ডিংয়ের নিচতলায় অবস্থিত ভাড়া করা গোডাউন থেকে ৪ কার্টুন আমদানিকৃত ক্রোকারিজ পণ্য উদ্ধার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় মাঈনকে। তার হেফাজত থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরামুতে খাটের নিচে আগ্নেয়াস্ত্র, যুবক আটক
পরবর্তী নিবন্ধ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার তিন