নগরের হামজারবাগ ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬শ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। ধৃতরা হচ্ছেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. আছান উল্লাহ হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার জাহিদুল ইসলাম আসিফ (২১) ও একই জেলার পরশুরাম থানার হাসানুর রাহি (১৯)। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, জাল টাকা বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে–এমন তথ্যের ভিত্তিতে হামজারবাগে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় আছান উল্লাহ প্রকাশ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
একইদিন রাত সাড়ে ১০টায় হাটহাজারী থানাধীন আলীপুর আব্বাসিয়াপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ ও হাসানুর রাহি নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের পকেট থেকে সাড়ে ৮শ টাকার জাল নোট উদ্ধার করা হয়।













