আনোয়ারা উপজেলায় ২৪ ঘণ্টায় এক জেলে, এক নারী ও এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ৮টায় আনায়ারা সদর ইউনিয়নের জয়কালী বাজার সংলগ্ন ঘনপুকুরপাড় এলাকা থেকে জিকু সর্দ্দার (৩৫) নামে এক জেলের মরদেহ এবং বিকেল ৩টায় বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের দক্ষিণ পাশে শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রাম থেকে উম্মে হাবিবা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়ভাবে খবর পেয়ে শনিবার সকাল ৮টায় ঘনপুকুর পাড় এলাকার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জিকু সর্দ্দারের লাশ উদ্ধার করা হয়। জিকু ওই এলাকার ভট্টাচার্য নিবাস কলোনিতে স্ত্রী ও দুই কন্যা নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি সদর ইউনিয়নের বিলপুর হাঁড়িপাড়া এলাকায়।
এ ঘটনার পর পুলিশ শনিবার বিকেল ৩টায় শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলেও নিহত ব্যাক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। এর আগে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব বরৈয়া এলাকার বাসিন্দা মো. সায়েদ ইমরানের স্ত্রী এক কন্যা সন্তানের জননী উম্মে হাবিবা (২২) পারিবারিক কলহের জেরে বিষপান করে আহ্মহত্যা করেন। ঘটনার পর নিহতের স্বজনেরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশ তিনটি লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











