আনোয়ারায় মাদকের সাথে জড়িতদের নির্মূল করা হবে

মাদকবিরোধী সমাবেশে এমপি সরওয়ার নিজাম

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, যেকোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। মাদকের ক্রেতা, বিক্রেতা ও সেবনকারী কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, যে যুব সমাজ আমাদের শক্তি। মাদকের ভয়াবহতার কারণে জাতির এই অমূল্য সম্পদ (যুব সমাজ) নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভেঙে পড়ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করতে হবে। দলের কোনো নেতাকর্মীদের মধ্যেও যদি কেউ এই অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধেও যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুমচড়া কমিউনিটি পুলিশের সভাপতি মো. ইউনুচ চৌধুরী।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাযক আহমদ নুরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুনাইদ চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি নেতা আকতার উননবী চৌধুরী, মোহাম্মদ এরফান, আনিছুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কাসেম, যুবদল নেতা মো. লোকমান উদ্দীনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা