আনোয়ারা সদরের থানা রোড়ে প্রকাশ্যে দিনে দুপুরে মো. সোহেল নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর ৪টায় সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন (৩৪) উপজেলার চাতরী ইউনিয়নের রূদরা গ্রামের আবদুস ছোবাহানের পুত্র।
থানা সূত্র জানা যায়, গত ২২ জুন বেলা ১১টার সময় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন একই এলাকার মো. সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর আহতের পরিবারের পক্ষ থেকে গিয়াস উদ্দিন ও তার বোন কহিনুর আক্তারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পাওয়া টাকা নিয়ে বিরোধের জেরে মো. সোহেল নামে এক যুবককে উপর্যপুরি ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা চেষ্টার পর পালিয়ে থাকা অভিযুক্ত গিয়াস উদ্দিনকে সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।












