আনোয়ারায় দেয়াং পাহাড়ের মাটি, সড়কের ইট বিক্রিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে আলোচিত সেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলামকে বদলি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব (ত্রাণ প্রশাসন –১) তানভীর আল নাসীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তাকে আনোয়ারা থেকে পিরোজপুর সদর উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। তাকে আগামী ১২ তারিখ রবিবার নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জামিরুল ইসলামের দুর্নীতি নিয়ে দৈনিক আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আজাদীতে নিউজ প্রকাশের পর গত দুইদিন ধরে আনোয়ারার নানান পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) জামিরুল ও তার সাথে জড়িতদের বিরুদ্ধে দুর্নীতির বিশেষ তদন্ত দাবি করে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।














