সীতাকুণ্ডে ৯ মামলার আসামি কিলার মামুন গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ৯ মামলার আসামি আলাউদ্দিন আল মামুন ওরফে কিলার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মধ্যম কলাবাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

থানা সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়াঢালার বাসিন্দা আলাউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। এসব মামলার একটিতে এক বছরের সাজা হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু হয়। বৃহস্পতিবার বিকেলে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, থানার পিসিপিআরে আলাউদ্দিন আল মামুন ওরফে কিলার মামুনের বিরুদ্ধে ৯টি মামলার তথ্য পেয়েছি আমরা। এসব মামলার মধ্যে ডাকাতি, খুন, ডাকাতির প্রস্তুতি, মারামারি ইত্যাদি অভিযোগ রয়েছে। এলাকায় তাকে কিলার মামুনও বলা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার সেই পিআইওকে বদলি
পরবর্তী নিবন্ধইন্ডিয়ান বস্তায় দেশি চাল, জরিমানা