বৃষ্টি আর গান–বাংলা সংস্কৃতিতে এই দুটির সম্পর্ক বহু পুরোনো। লোকগান ও পল্ল্লিগীতিতে বর্ষা এসেছে কৃষিজীবন, নদী আর জনপদের বাস্তবতা নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন কিংবা রজনীকান্ত সেনের গানে বর্ষা পেয়েছে নান্দনিক ও কাব্যিক ব্যঞ্জনা। সেই দীর্ঘ ঐতিহ্যের উত্তরাধিকার নিয়েই ত্রিশের দশক থেকে আধুনিক বাংলা গান বর্ষাকে নিয়ে যায় এক নতুন পরিসরে। সেখানে প্রকৃতির পাশাপাশি জায়গা করে নেয় শহর, ব্যক্তিমানস, প্রেম, বিচ্ছেদ ও স্মৃতি।
বাংলা আধুনিক গানের যাত্রা মূলত ত্রিশের দশকে। গ্রামোফোন রেকর্ড, বেতার এবং পরে চলচ্চিত্রের বিকাশের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে নতুন এক গানের ধারা, যা পরে ‘আধুনিক বাংলা গান’ নামে পরিচিতি পায়। এই ধারার শুরু থেকেই বর্ষা ছিল অন্যতম প্রিয় বিষয়। তবে সেই সময়ের বৃষ্টি ছিল অনেকটাই প্রকৃতিনির্ভর–মেঘ, কদমফুল, জানালার ধারে অপেক্ষা কিংবা প্রথম প্রেমের আবেশে ভরা। সুরকার হিমাংশু দত্ত, কমল দাশগুপ্ত বা পঙ্কজ কুমার মল্লিকদের সময়ে বর্ষা যেন প্রকৃতি আর মানুষের মনের মধ্যে একটি কোমল সেতুবন্ধন।
পঞ্চাশ ও ষাটের দশকে এসে আধুনিক বাংলা গানের বর্ষা আরও পরিণত হয়ে ওঠে। এই সময়কে অনেকেই আধুনিক গানের স্বর্ণযুগ বলেন। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, প্রতমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়সহ অসংখ্য শিল্পীর কণ্ঠে বৃষ্টির গান নতুন মাত্রা পায়। প্রেম তখন শুধু মিলনের নয়, অপেক্ষারও। জানালার কাঁচে জমে থাকা বৃষ্টির ফোঁটার মতোই মানুষের মনের ভেতর জমতে থাকে অভিমান, না–বলা কথা আর ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। বৃষ্টি ধীরে ধীরে প্রকৃতির দৃশ্য থেকে মানুষের মানসিক আবহাওয়ায় রূপ নিতে শুরু করে।
এই পরিবর্তনের পেছনে গীতিকারদের অবদানও ছিল অসাধারণ। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল গুপ্তদের কথায় বর্ষা কখনো হারিয়ে যাওয়া সম্পর্কেও স্মৃতি, কখনো অপ্রকাশিত ভালোবাসা, কখনো দীর্ঘ প্রতীক্ষার প্রতীক। অন্যদিকে সলিল চৌধুরীর সুরে বর্ষা কেবল রোমান্টিক নয়; সেখানে জীবন, সমাজ এবং সময়ের ছন্দও ধরা পড়ে। আধুনিক বাংলা গান বুঝতে শেখায়, বৃষ্টি মানেই শুধু প্রেম নয়–এটি মানুষকে নিজের ভেতরে ফিরে তাকানোরও একটি সময়।
সত্তর ও আশির দশকে এসে নগরজীবন আরও স্পষ্ট হয়ে ওঠে গানে। গ্রামের কাঁচা পথের বদলে দেখা যায় ভেজা শহর, ট্রামলাইন, ব্যস্ত রাস্তা, অফিসফেরা মানুষ কিংবা একা একটি ঘর। বৃষ্টিও যেন বদলে যায়। এটি আর শুধু প্রকৃতির রূপ নয়, নাগরিক জীবনের ক্লান্তি, একাকিত্ব ও স্মৃতির অনুষঙ্গ। এই সময়ের অনেক গানেই বৃষ্টির শব্দ যেন মানুষের নীরবতার ভাষা হয়ে ওঠে।
নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানে আরেকটি বড় পরিবর্তন আসে। কবীর সুমন, অঞ্জন দত্ত, নচিকেতাদের গানে বৃষ্টি একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। এখানে বর্ষা কোনো অলংকার নয়; বরং সম্পর্কের ভাঙন, শহুরে নিঃসঙ্গতা, বন্ধুত্ব, স্মৃতি কিংবা জীবনের অনিশ্চয়তার প্রতীক। একই সময়ে বাংলা ব্যান্ডসংগীতও বর্ষাকে নতুনভাবে আবিষ্কার করে। সেখানে বৃষ্টি কখনো বিষণ্ন, কখনো উদাস, কখনো আবার তরুণ জীবনের অবাধ উচ্ছ্বাস।
মজার বিষয় হলো, আধুনিক বাংলা গানের বর্ষা কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকেনি। প্রতিটি সময় তাকে নতুনভাবে দেখেছে। এক সময় যে বৃষ্টি ছিল চিঠির অপেক্ষা, পরে সেই বৃষ্টি হয়েছে টেলিফোনের নীরবতা, আর আজকের দিনে সেটি হয়তো মোবাইলের প্লে–লিস্টে বাজতে থাকা কোনো গানের সঙ্গে মিশে যায়। মাধ্যম বদলেছে, জীবনযাত্রা বদলেছে, কিন্তু বর্ষা এলেই গান খোঁজার অভ্যাস বদলায়নি।
ডিজিটাল যুগেও এই ঐতিহ্য সমানভাবে জীবন্ত। স্ট্রিমিং প্লাটফর্মে বর্ষা এলেই তৈরি হয় বিশেষ প্লে–লিস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ নিজের প্রিয় বর্ষার গান ভাগ করে নেয়, পুরোনো গান নতুন আয়োজনে ফিরে আসে নতুন শিল্পীদের কণ্ঠে। প্রজন্ম বদলায়, কিন্তু বর্ষার গান হারায় না। বরং প্রতিটি নতুন সময় পুরোনো সুরকে নতুন শ্রোতার কাছে পৌঁছে দেয়।
সম্ভবত এ কারণেই আধুনিক বাংলা গানের বর্ষা কখনো পুরোনো হয় না। কারণ প্রতি বছরই বৃষ্টি ফিরে আসে, আর মানুষের জীবনেও যোগ হয় নতুন অভিজ্ঞতা, নতুন সম্পর্ক, নতুন অপেক্ষা। সেই নতুন অনুভূতির জন্যই বহু বছর আগের গানও আজকের দিনে সমান আপন মনে হয়। বর্ষা তাই আধুনিক বাংলা গানে শুধু একটি ঋতুর নাম নয়; এটি সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের অনুভূতির এক চলমান দলিল। আর তাই আকাশে মেঘ জমলেই, আজও কোথাও না কোথাও একটি বর্ষার গান বাজতে শুরু করে।











