বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগে এক দফা দাবিতে তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। খবর বাংলানিউজের।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় আজ বুধবার সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারা দেশে লিফলেট বিতরণ করা হবে। শনিবার (১৯ আগস্ট) সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এছাড়াও যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এক দফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে বলে জানান রিজভী।













