আগ্রাবাদে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা

ভেজাল মার্জারিন উৎপাদন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদের সুলতান কলোনি এলাকার কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে গতকাল প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

এ সময় কারখানাটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনের পৃথক ২টি ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, কারখানাটিতে মার্জারিন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন ঘাটতি পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে শিশুকে যৌন নিপীড়নের দায়ে নাইটগার্ডের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপাতে আস্ত খাসি পেয়ে আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী