আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চার-পাঁচের দিকে তাকিয়ে শান্ত

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ ড্র করেছে একটি, হেরেছে বাকিটিতে। তাই প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজটি আজ শুক্রবার শুরু হচ্ছে। মিরপুরে ম্যাচ শুরুর আগের দিন শান্ত বলেন, এই চক্রে পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠার লক্ষ্য তাদের। ‘গত দুই বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি। আগেরবার আমরা সাত নাম্বারে শেষ করেছি। আমার মনে হয় এটা ভালো একটা অর্জন। আস্তে আস্তে এই জায়গাটাতে উন্নতি হচ্ছে, যেটা এর আগের চক্রগুলোতে হয়নি। এ বছর লক্ষ্য থাকবে, আর একটু যদি ভালো পারফর্ম করতে পারি, চারপাঁচ এরকমই যদি শেষ করতে পারি, খুবই ভালো লাগবে।’ এই লক্ষ্য পূরণ করার পথে মূল বাধা এবার কয়েকটি কঠিন বিদেশ সফর। বলেন, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু সফর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সফর আছে। তবে আমার মনে হয়, যে সিরিজগুলো আমাদের ঘরের মাঠে খেলব এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা ওই ধরণের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব, বিশেষ করে উইকেটের ক্ষেত্রে।’

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ২০২৪ সালে তাদের মাঠেই ২০ ব্যবধানে জিতে এসেছিল বাংলাদেশ। সেই সাফল্যকে এবার কিছুটা প্রেরণা মানছেন শান্ত। তবে নতুন সিরিজে নতুনভাবেই মাঠে নামতে হবে, মনে করিয়ে দিলেন তিনি। ‘গত সিরিজটায় আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। তবে সেটা অতীত হয়ে গেছে। ওই সিরিজটা অবশ্যই আমাদেরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে। প্রত্যেকটা দিন আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলেই হয়তো ফল আমাদের পক্ষে আসবে। রেকর্ড নিয়ে আমরা খুব বেশি চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ।’ ২০২৪ সালের সেই সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি ছিল দারুণ। এবার দলের বেশ কজন ক্রিকেটার গত কিছুদিনে ব্যস্ত ছিলেন শুধু সাদা বলের ক্রিকেটে। প্রস্তুতিতে তাই কিছুটা ঘাটতি থাকতে পারে কয়েকজনের। তবে সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টই অধিনায়ক। ‘সবসময় ওরকম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে নয়, কারণ সাদা বলে বেশ কিছু ক্রিকেটার ছিল, কারণ লাল বলে যারা খেলে, তারা লম্বা সময় ধরে প্রস্তুতি পর্বে আছে। ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু জানি, সোহেল স্যার (বিসিবির কোচ) যিনি প্র্যাকটিস করিয়েছেন, তার কাছ থেকে খবর নিয়েছি, সবাই খুব ভালো অবস্থায় ছিলেন। খুব ভালোভাবে ব্যক্তিগতভাবে সুনির্দিষ্ট অনুশীলন করেছে। ওই দিক থেকে আমি বলব যে ভালো প্রস্তুতি হয়েছে। এখন বাকিটা করে দেখানোর ব্যাপার মাঠে।’

পূর্ববর্তী নিবন্ধআবাহনীর টানা দ্বিতীয় হার মোহামেডানের জয় অব্যাহত
পরবর্তী নিবন্ধবায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি