শেরপুরে ২০১৩ সালে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির রায় নিয়ে মারা যাওয়া আসামির দণ্ড হাই কোর্টে বহাল থাকার ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন্স) নির্দেশনামূলক একটি চিঠি দেওয়া হয়েছে। গত ৫ জুলাই আইজি প্রিজন্স বরাবর এই চিঠি পাঠানো হয়। এর ভিত্তিতে ভবিষ্যতে এমন বিভ্রান্তি (মৃত আসামির দণ্ড বহাল রাখা) এড়াতে কারাগারগুলোতে নতুন দাপ্তরিক বিজ্ঞপ্তি জারি করেছে কারা অধিদপ্তর। খবর বিডিনিউজের।
শেরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কান্তি মারাকের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২ জুলাই রায় ঘোষণা করে হাই কোর্ট। রায়ে আদালত ওই আসামির দণ্ড বহাল রাখে।
পরে প্রকাশ পায় কান্তি মারাক পাঁচ বছর আগেই ২০২১ সালে কাশিমপুর কারাগারে মারা গেছেন। বিষয়টি নিয়ে ২ জুলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়। এই আপিল শুনানি ও রায় ঘিরে সৃষ্ট জটিলতা নিয়ে আইজি প্রিজন্স বরাবর পাঠানো অ্যাটর্নি জেনারেলের চিঠিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির আপিল বা ডেথ রেফারেন্স সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হলে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মৃত্যু সনদসহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সলিসিটর উইং এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবহিত করতে হবে।
আদালতের সময় ও সরকারি অর্থের অপচয় রোধে চিঠিতে কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বর্তমান শারীরিক অবস্থার সঙ্গে তাদের চলমান আপিল মামলার নম্বর মিলিয়ে দেখার জন্য দ্রুত একটি অডিট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিষয়টি আমাদের দৃষ্টিতে আসার পর আমি আইজি প্রিজন্সকে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, কোনো কারণে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কারাগারের অভ্যন্তরে সাজা ভোগ করা অবস্থায় কিংবা কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় মারা যান, তবে সেই তথ্য সংশ্লিষ্ট অংশীজন, বিশেষ করে আপিলকারী পক্ষ হিসেবে রাষ্ট্র তথা অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সলিসিটর কার্যালয় কিংবা আদালতকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।’
মৃত্যুর পর দণ্ড বহাল রাখার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করেন, তার পক্ষে তো সেই আপিলের রায় বা সাজা কী হল, তার গুরুত্ব নেই। পরবর্তীতে মামলাটি বাতিল হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কাছে এই তথ্যটি ছিল না।’ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ফোন করে আমাদের বিষয়টি জানান হয়েছে। তবে আমরা এখনো ওই নির্দেশনামূলক অফিশিয়াল চিঠিটি হাতে পাইনি। আমাদের করণীয় সম্পর্কে সেখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা অবশ্যই তা অনুসরণ করব।’









