অস্ত্রের মজুদ কমায় উৎপাদন দ্রুত বাড়ানোর তাগিদ পেন্টাগনের

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৪৪ পূর্বাহ্ণ

ইরানের সঙ্গে সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক সরঞ্জামের মজুদ কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দিচ্ছে পেন্টাগন। খবর বিডিনিউজের।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলের বিবৃতির বরাতে আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে প্রতিরক্ষা কেনাকাটা ও উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। পার্নেল জানান, সমপ্রতি এ প্রক্রিয়া গতিশীল করার পদক্ষেপ নেওয়া হলেও এটি পাঁচ মাস ধরে চলা সংঘাতের আগে থেকেই শুরু হওয়া আধুনিকীকরণ প্রচেষ্টার অংশ। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি পাঠিয়েছেন। এতে আগামী ২১ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে ফেইনবার্গ লেখেন, বছরের পর বছর ধরে উন্নয়ন প্রক্রিয়া চালানো আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই কর্মসূচির সময়সূচিতে গতি আনতে হবে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। পেন্টাগনের মুখপাত্র পার্নেল নিশ্চিত করেন, এই জরুরি নির্দেশ ২০২৮ অর্থবছরের বাজেটে অর্থায়নের প্রস্তাব তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি মার্কিন প্রতিরক্ষা খাতের ভিত্তি পুনর্গঠনে সরকারের মূল প্রচেষ্টার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর এক বিশ্লেষণে দেখা গেছে, ইরানি হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনীর উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.৩৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে