অপরাধী নিজের ভাই হলেও ছাড় দেওয়া হবে না

ফটিকছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি সরোয়ার

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

কোনো ধরনের সন্ত্রাসী কাজে কেউ জড়িত থাকলে প্রশাসন তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে। অপরাধী সে আমার নিজের ভাই হলেও ছাড় দেওয়া হবে না। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণ সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন তিনি প্রশাসনিক কার্যক্রম থেকে বাইরে ছিলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম এই গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েই ফটিকছড়ির সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠিন বার্তা দিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সরোয়ার আলমগীর আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পুলিশ কর্মকর্তাকে দেখা যায় সন্ত্রাসী কিংবা অস্ত্র মামলার আসামির সাথে কানাকানি করেন, ঘনিষ্ঠতা বজায় রাখেন। এমন দৃশ্য দেখলে প্রশাসনের উপর থেকে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলবে। এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

সভায় উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, ফটিকছড়ির যে সমস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখনো বরখাস্ত হননি, তারা যাতে আগামী মিটিং থেকে অবশ্যই উপস্থিত থাকেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি ঘটলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন নিয়ে চলমান বিরোধ ও আন্দোলনের বিষয়ে সবাইকে সতর্ক করে তিনি বলেন, উত্তর উপজেলা নিয়ে যে আন্দোলন চলছে, তা না করে সবাই একসাথে বসে আলোচনার মাধ্যমে এর শান্তিপূর্ণ সমাধান করেন। এটি একবার বাতিল হয়ে গেলে পরে বুঝতে পারবেন এই প্রশাসনিক অঞ্চলটি পুনরায় ফিরিয়ে আনতে কতটা কষ্ট ও পরিশ্রম করতে হয়। তিনি উপজেলার প্রতিটি সরকারি দপ্তর ও প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ ও সততার সাথে জনগণের কল্যাণে কাজ করার জোর আহ্বান জানান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার দায়িত্ব নিতে হবে
পরবর্তী নিবন্ধচবিতে ১৫ ফুটের অজগর উদ্ধার