প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং তাদের আর্থ–সামাজিক উন্নয়নে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর দীর্ঘ পথচলার ৩০ বছর পূর্তি উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। গত ৫সেপ্টেম্বর সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিরা, দাতা সংস্থাসহ অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সরকারি কর্মকর্তাসহ আরও অনেকে।
অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমুল বারী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিডিডি। প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন সিডিডির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও নির্বাহী উপদেষ্টা এ এইচ এম নোমান খান। এ সময় সিডিডির ৩০ বছরের পথচলার স্মৃতিসম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর কেক কাটা শেষে পরিবেশন করা হয় গ্রাম–বাংলার ঐতিহ্যবাহী পটের গান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সিডিডি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরপর প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।












