কাপ্তাই জেটিঘাট থেকে অতিরিক্ত বাঁশ বোঝাই একটি চাঁদের গাড়ি ঝুঁকিপূর্ণভাবে প্রধান সড়ক দিয়ে চলাচল করতে দেখা গেছে। গাড়িটির ভেতর ও ছাদে আকারের তুলনায় কয়েক গুণ বেশি কাঁচা মুলি বাঁশ বোঝাই করা হয়েছিল। সড়কের বিভিন্ন স্থানে গাড়িটি দুলতে থাকায় পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কাপ্তাই জেটিঘাট থেকে চট্টগ্রামমুখী সড়কে চাঁদের গাড়িটির ভেতরে ও ছাদের ওপর বিপুল পরিমাণ বাঁশ বোঝাই করা হয়েছে। গাড়ির সামনের অংশের তুলনায় পেছনের দিকে অনেক বেশি লম্বা করে বাঁশ রাখা হয়। কাপ্তাই থেকে লিচুবাগান পর্যন্ত সড়কে চলাচলের সময় গাড়িটি দেখে মনে হচ্ছিল যেকোনো সময় উল্টে যেতে পারে। বিশেষ করে স্পিড ব্রেকার অতিক্রমের সময় সড়কের আশপাশের মানুষকে ভয়ে দূরে সরে যেতে দেখা যায়।
চাঁদের গাড়ির চালক কামাল হোসেন বলেন, গাড়িতে পরিবহন করা সব বাঁশই ছিল কাঁচা, তাই ওজনও বেশি ছিল। গাড়ি যাতে সামনে বা পেছনে উল্টে না পড়ে, সে জন্য সামনের দিকে তুলনামূলক কম এবং পেছনের দিকে বেশি লম্বা করে বাঁশ রাখা হয়েছিল। তিনি বলেন, কাপ্তাই থেকে যাত্রা শুরুর পর বিভিন্ন চেকপোস্ট অতিক্রম করলেও কোথাও গাড়িটি আটকানো হয়নি।
তবে এভাবে বাঁশ পরিবহন ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করেন চালক। তিনি বলেন, ভবিষ্যতে আর এভাবে চাঁদের গাড়িতে বাঁশ পরিবহন করবেন না।













