জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবার সুনির্দ্দিষ্ট সময়ের মধ্যে দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে। আগামী অক্টোবরের মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা এবং নভেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর গঠনতন্ত্র অনুযায়ী গঠিত অ্যাডহক কমিটিগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এনএসসি নির্বাহী পরিচালক মো. দৌলতজ্জুামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়। তাতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির প্রধান দায়িত্ব হলো সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন আয়োজনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলেও এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বলা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের লক্ষ্যে অক্টোবর ২০২৬–এর মধ্যে নির্বাচনী তফশিল ঘোষণা করতে হবে। এরপর এ বছর নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণের জন্যও অনুরোধ করা হয়েছে। এর আগে দেশের বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ১ম দফার মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা অর্জিত হয়নি। বাস্তব অবস্থার প্রেক্ষিতে উপরোক্ত সংস্থাসমূহের বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ আবারো তিন মাস বৃদ্ধি করা হয়। গত ২৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এনডিসি নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক স্মারক পত্রে তখন বলা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতার আলোকে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হলো ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা। এ প্রেক্ষিতে গঠনতন্ত্রের বিধানাবলী অনুসরণে নির্বাচন কার্যক্রম সম্পন্নের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ আরো ০৩ (তিন) মাস বৃদ্ধি করেন। এবার এই মেয়াদের মধ্যেই সুনির্দ্দিষ্টভাবে নির্বাচন সম্পন্নের নির্দেশনা এলো।











