বিপুল সিগারেট ও ড্রাই টোব্যাকোসহ বিমানবন্দরে আটক ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:৫৯ অপরাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ড্রাই টোব্যাকোসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

মো. হারুন রশিদ ও মোহাম্মদ তৈয়ব নামের ওই দুই যাত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ নামের একটি ফ্লাইটে শারজাহ থেকে আসেন। এসময় স্ক্যানিং করে তাদের লাগেজে থাকা ৪৪০ মিনি কার্টনে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি ইজি ব্র্যান্ডের সিগারেট ও ২৯০ কার্টন ড্রাই নিকোটিন জব্দ করা হয় বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সালাউদ্দিন রিজভী।

তিনি আরো জানান, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চশুল্ক আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট বা ড্রাই টোব্যাকো বেআইনিভাবে বহন করে প্রায় ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে মো. হারুন রশিদ ও মোহাম্মদ তৈয়ব নামের ওই দুই যাত্রী।

এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন মোতাবেক জব্দ করা সিগারেট ও ড্রাই টোব্যাকো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের অজান্তে পুকুরে ডুবে মারা গেল শিশুটি
পরবর্তী নিবন্ধদ. আফ্রিকায় টাইগারদের প্রথম সিরিজ জয়